কোহলির আচরণের কঠোর সমালোচনায় গাভাস্কার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ এএম

ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির দিনকাল খারাপ যাচ্ছে। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজে ৯ ইনিংসে করেছেন মাত্র ১৯০ রান, যার মধ্যে সেঞ্চুরিও আছে। তার ওপর যুক্ত হয়েছে তার আচরণগত সমস্যা। স্যাম কনস্টাসকে ধাক্কা মারা থেকে শুরু করে দর্শকদের দুয়োর জবাবে স্মিথ-ওয়ার্নারতের বল টেম্পারিং টেনে আনা- সব মিলিয়ে সমালোচকদের নিশানায় ‘কিং’ কোহলি।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে অভিষিক্ত অস্ট্রেলিয়ান তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরেছিলেন কোহলি। যার জন্য তাকে শাস্তিও পেতে হয়েছে। ওই ম্যাচেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় দর্শকরা দুয়ো দিলে কোহলি তেড়ে এসে পাল্টা জবাব দেন। সিডনি টেস্টে দর্শকরা দুয়ো দেওয়ায় প্যান্টের পকেট বের করে দেখান! টেনে আনেন সেই স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি।

কোহলির এসব আচরণ মানতেই পারছেন না ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার। ৩-১ ব্যবধানে ভারতের সিরিজ হারের পর সিডনি মর্নিং হেরাল্ড-এ এক কলামে গাভাস্কার লিখেছেন, ‘কোহলি যেটা করেছে, (কনস্টাসকে) কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া, সেটা আদৌ ক্রিকেটীয় আচরণ নয়। ভারতীয়দের প্ররোচিত করা হলে ওরা পাল্টা জবাব দিতে দ্বিধা করে না, কিন্তু এখানে এমন কোনো প্ররোচনাই ছিল না।’

দুই ফর্মহীন সুপারস্টার রোহিত শর্মা আর বিরাট কোহলি দল থেকে বাদ পড়লেও অবাক হবেন না বলে লিখেছেন গাভাস্কার, ‘সিডনি টেস্ট থেকে সরে যাওয়ার সাহসী সিদ্ধান্ত নেওয়ার পর রোহিতের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ এবং আগামী জুন মাসের মাঝামাঝি  ইংল্যান্ড সফর দিয়ে শুরু হতে যাচ্ছে পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এমন পরিস্থিতিতে নির্বাচকেরা যদি সাহসী সিদ্ধান্ত নিয়ে এমন খেলোয়াড় খোঁজেন, যারা ২০২৭ সালের পরবর্তী ফাইনালে খেলতে পারবে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত