শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়িচাপায় শিক্ষার্থী হত্যা মামলায় প্রশাসনের গাড়িচালক হারুনুর রশিদকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গাড়িচালক হারুনকে কলেজ শিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যার ৩ মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।
পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে। এবং শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী সাবেক গাড়িচালক।
আদালত সূত্র জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজছাত্র সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভকে হত্যার ৩ মামলায় পেশায় মেকানিক সেই গাড়িচালক হারুনুর রশিদকে সদর থানার এসআই আনসার আলীর নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস অঙ্গন থেকে গ্রেপ্তার করে। হারুন ঘটনার পর বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে কর্মরত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, ‘গ্রেপ্তার আসামির মামলার নথিগুলো তলবমতে দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হবে।’
শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মোরশেদ জিতু বলেন, আন্দোলনে ওই হত্যা দুটির বিষয়ে আমরা এখনও অন্ধকারে আছি। প্রকৃত অভিযুক্তরা এখনও ধরা ছোঁয়ার বাইরে।
পরকীয়ায় বাধা দেওয়ায় গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ
চট্টগ্রামে কেজিতে ১৫ টাকা বাড়ল পেঁয়াজের দাম