জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর সদস্য সচিব অনিক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)  শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেছে। আহ্বায়ক কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন  বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্যসচিব করা হয়েছে। ১৭৭ সদস্যের কমিটিতে ৫৭ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১১৮ জনকে সদস্য করা হয়েছে। 

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ' আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে  আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।'

নবনিযুক্ত আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি এবং বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সোহেল-সৈকতের নেতৃত্বে ১৯ সদস্য বিশিষ্ট জাবি ছাত্রদলের কমিটি গঠিত হয়। এরপর থেকে জাবিতে আর কোনো কমিটি গঠিত হয়নি। পরে ২০২১ সালের ১৫ অক্টোবর ৫টি কলেজ ও ৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাবি শাখা ছাত্রদলেরও কমিটিও বিলুপ্ত হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত