এবার দোটানায় তামিম, সময় চাইলেন আরও দু'দিন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকবেন কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তামিম ইকবাল। আজ সিলেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে দুই দফা আলোচনার পর তামিম জানিয়েছেন, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে আরও দুই-তিন দিন সময় প্রয়োজন।

আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল আইসিসিতে পাঠাতে হবে। নির্বাচকেরা তামিমকে দলে রাখতে আগ্রহী হলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তামিম আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না। সম্প্রতি পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে তামিমকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিতেও শোনা গেছে।

আজ গ্র্যান্ড সিলেট হোটেলে প্রথম দফা আলোচনায় তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাই জানিয়েছিলেন। তবে নির্বাচকদের অনুরোধে দ্বিতীয় দফা আলোচনায় কিছুটা নমনীয় অবস্থান নেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময় চান।

আলোচনা শেষে গ্র্যান্ড সিলেটের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেব আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’

সূত্র জানিয়েছে, অধিনায়ক নাজমুল হোসেনসহ দলের আরও দুই-এক জন ক্রিকেটারও তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে অনুরোধ করেছেন।

সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং।’

জানা গেছে, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। সেটির ফলাফল এখনো আসেনি।

'যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন (বোলিং পরীক্ষায়)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। প্রতিটি মিনিটই হয়তো গুরুত্বপূর্ণ, আশা করি এক-দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো', বলেছেন প্রধান নির্বাচক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত