২০২৬ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন ফ্রান্স কোচ দেশম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম

২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন, ২০২৬ সালের বিশ্বকাপের পর তিনি ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন। 

টানা ১৪ বছর ধরে দায়িত্ব পালন করা দেশম বলেন, '২০২৬-এর পর সব শেষ। আমার মনে এটা পরিষ্কার। সময় এসেছে থামার। ফ্রান্স যেন সেরা অবস্থানে থাকে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

২০১২ সালে ফ্রান্স দলের দায়িত্ব নেওয়া দেশম দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদি কোচ। তার অধীনে ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ জিতে নেয়, ২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৬ সালের ইউরোর ফাইনালে পৌঁছায়।

২০১৪ বিশ্বকাপে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া দেশম তার কোচিং ক্যারিয়ারে দেশকে এনে দিয়েছেন ২০২১ সালের নেশন্স লিগ শিরোপাও। তবে তার সবচেয়ে বড় সাফল্য আসে রাশিয়া বিশ্বকাপে, যেখানে ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

কোচিংয়ের আগে দেশম একজন সফল খেলোয়াড় ছিলেন। ফ্রান্সের হয়ে ১০৩ ম্যাচ খেলা এই মিডফিল্ডার ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো জয়ী দলের অধিনায়ক ছিলেন। ক্লাব ফুটবলে মার্শেই, জুভেন্টাস, এবং চেলসির হয়ে খেলেছেন, জিতেছেন ১৪টি বড় শিরোপা।

২০২৬ বিশ্বকাপ দেশমের কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায় হবে। ফ্রান্স এখনও বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেনি। মার্চে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের বাছাইপর্বের গ্রুপ। দেশমের বিদায় কি আরেকটি শিরোপা দিয়ে রাঙানো যাবে, তা সময়ই বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত