রবিবার দেখুন রিয়াল-বার্সার জমজমাট ‘এল ক্ল্যাসিকো’

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪ এএম

মঞ্চটা আগেই প্রস্তুত করে রেখেছিল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আগের রাতেই তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছিল। প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকে পাওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষে দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল রিয়াল। দর্শকরা পেল আরেকটি এল ক্ল্যাসিকো দেখার সুযোগ।

আগামী রবিবার রাতে জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে দেখা মিলবে এল ক্লাসিকোর। বার্সেলোনা সর্বশেষ ২০২৩ সালে এই আসরের শিরোপা জিতেছিল। আর গত বছর বার্সাকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

একই মাঠে গতকাল রাতে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে রিয়াল। প্রথম মিনিট থেকেই চলেছে আক্রমণ। গোলশূন্য প্রধমার্ধের পর ম্যাচের ৬৩ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। একটা সময় মনে হচ্ছিল, একমাত্র গোলেই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। কিন্তু যোগ করা সময়ে আরও দুটি গোল পেয়ে যায় রিয়াল। ৯২ মিনিটের গোলটি ছিল আত্মঘাতী এবং ৯৫ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন রদ্রিগো।

ম্যাচের শেষদিকে দুই দলের খেলোয়াড়দের মাঝে বিবাদের কারণে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তবে রেফারির হস্তক্ষেপের কারণে বড় কিছু ঘটেনি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘ক্লাসিকো নিয়ে অনুমান করা এখন কঠিন। গত বছর সুপার কাপে আমরা তাদের ৪-১ গোলে হারিয়েছি। বার্সেলোনায় আমরা দুবার ৪-০ গোলে জিতেছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের ৪-০ গোলে হারিয়েছে। পরের ম্যাচটি কেমন হবে, সেটা কল্পনা করা কঠিন। এটা উপভোগ্যই হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত