আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালানোর কথা ভাবলে লড়াই বাধবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যে শুল্ককর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মান্না বলেন, আইএমএফ বাংলাদেশকে ৬৪০ কোটি ডলার বা ৬৭০ কোটি ডলার দেবে। টাকা দেওয়ার বদলে তারা ১০০টা দ্রব্যের ওপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি ভালো লোক। আপনি আরও ভালো থাকেন। আমরা আপনাকে তো অসম্মান করছি না। কিন্তু আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে তাহলে আমি বলব, আপনি এ সমস্ত ট্যাক্স কেন তুলে দিয়েছেন? কাজের কাজ এখনো কী করতে পেরেছেন? ব্যাংকগুলো সব ঠিকমতো চলে? যেরকম চেক দেয়, সেরকম টাকা দিতে পারে? এখন পর্যন্ত ব্যাংকগুলো তার নিয়ম অনুযায়ী চলে? সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে?
আমরা সেজন্য ড. ইউনূসকে কাঠগড়ায় তুলছি না উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না। কিন্তু আমরা যে শুনলাম ড. ইউনূস আসলে দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধুবান্ধব, এত ভক্ত; ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে। এরকমভাবে এখনো পর্যন্ত বিদেশ থেকে আমাদের তো কোনো টাকা-পয়সা দেয়নি।
তিনি আরও বলেন, সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না। আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না। আর এখন চোরের সরদার যারা, তারা পালিয়ে যায়। যারা লুটপাট করেছে, তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ সরকার করতে পারেনি। আপনি সেদিন বললেন, আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু আমরা সম্পর্ক স্বাভাবিক হতে দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকে ড. ইউনূসের নাম অনেক বেশি। কিন্তু বাংলাদেশের নাম অনেক বেড়েছে, তা তো দেখছি না।
গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ড. ইউনূস এখন দেশ গঠনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু উনি একা পারবেন না। দেশ গঠন করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। যখন ভোট হবে, যে দল ক্ষমতায় যাবে তাদেরই তো, যেটুকু কাজ ড. ইউনূস করতে পারবেন না, সে কাজগুলো তাদের করতে হবে। সেই দলগুলো যদি অন্যান্য ধান্দায় লেগে যায়, তাহলে তো ভালো কোনো কাজই হবে না। ভালো দল, যারা জনগণের পক্ষে থেকে ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে, তারা দেশ বদলাতে পারবে। আর যে দল আগে থাকতে বদলাবার কর্মসূচি দিতে না পারবে, যে দলের ওপরে মানুষের ভরসা হবে না, তারা এখন কথা ভালো বলছে, কিন্তু ক্ষমতায় গেলে মানবে না বলে উল্লেখ করেন তিনি।
ঢাকার ভারতীয় দূতাবাসের সড়ককে 'ফেলানী সড়ক' করার দাবি
বিএনপির জন্ম সেনাছাউনিতে নয়: রিজভী
এবার বানসালির সিনেমায় আল্লু অর্জুন!