স্যালফোর্ডের জালে দুই হালি গোল ম্যানসিটির

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:২৬ এএম

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদে এফএ কাপের ম্যাচে স্যালফোর্ড সিটির বিপক্ষে মাঠে নেমেছিলেন সিটিজেনরা। অনিয়মিত মুখদের একাদশে সুযোগ করে দিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। হতাশ করেননি তারা। গুণে গুণে আটটি গোল দিয়ে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল, চেলসি, ব্রাইটন ও বাংলাদেশের হামজা চৌধুরীর লেস্টার সিটিও।

সিটির হয়ে হ্যাটট্রিক করেন স্যালফোর্ডে জন্ম নেওয়া ফুটবলার জেমস ম্যাকঅ্যাটি। উচ্ছ্বসিত কোচ গার্দিওলা তাকে নিয়ে বলেন, ‘ও খুবই প্রতিভাবান একজন ফুটবলার। অস্বীকার করবো না, এ ফলাফলে আমি অনেক খুশি। হ্যাটট্রিক করা মোটেও সহজ কোনো কাজ নয়। তবে ও আরো ভালো করতে পারতো, বিশেষ করে প্রথমার্ধে।’

এছাড়া জোড়া গোল করেছেন জেরেমি ডোকু। মৌসুমে প্রথম ম্যাচে সুযোগ পেয়ে জালভেদ করেন জ্যাক গ্রিলিশ। সিটির হয়ে প্রথম গোলের দেখা পান ডিভিন মুবামা এবং নিকো ও’রেইলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত