তিন মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি নিয়ে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের’ পরামর্শ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

সরকারের তিনটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পদের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ হতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জানুয়ারি এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। রবিবার সংগঠনটির সমন্বয়ক এবিএম আব্দুস সাত্তার প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে ওই প্রজ্ঞাপনটি আমাদের নজরে এসেছে। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের নির্বিঘ্নে, নির্ভয়ে ও আইনানুগভাবে নিজ নিজ দায়িত্ব পালনে এ সিদ্ধান্তটি খুবই সময়োপযোগী হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এমন একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য ফোরামের পক্ষ থেকে ‘সাধুবাদ’ জানাই।

পাশাপাশি গঠিত কমিটি সমূহের সদস্যগণ (প্রত্যেক কমিটিতে ৫ থেকে ৭ জন) সকলে একমত হয়ে পরামর্শ প্রদান করার ক্ষেত্রে প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটিয়ে সরকারের কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয় কি না সে বিষয়ে সরকারের সদা সর্তক দৃষ্টি কামনা করছি। 

উল্লেখ্য, এরশাদ সরকারের সময়েও কমিটির মাধ্যমে প্রশাসন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু, তা ব্যর্থতায় পর্যবসিত হয়। আশু-শঙ্কার কারণ জনপ্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী সরকারের ৪০-৪২ জন সচিব, শতাধিক অতিরিক্ত সচিব, কয়েক শত যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে এখনও অপসারণ/প্রত্যাহার করা হয়নি। 

এসব কর্মকর্তারা এখনও বিগত স্বৈরাচারী সরকারের মন্ত্রী/এমপিদের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন অন্তর্ঘাতমূলক কাজ করার পাঁয়তারা করছে। আত্মীয়তাসহ সামাজিক/পারিবারিক বিভিন্ন কারণে কোনও সদস্যের দ্বিমতের কারণে স্বৈরাচারের দোসর কোনও কর্মকর্তার বদলি/প্রত্যাহার/অপসারণ ইত্যাদি কোনও পদক্ষেপ বাধাগ্রস্ত হওয়ার সংশয় আছে। এমন কোনও ঘটনা ঘটলে তা ছাত্র-জনতা আন্দোলনের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।

তবে প্রত্যেক মন্ত্রণালয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ দক্ষ, কর্মঠ, সৎ, কর্মোদ্যেগী কর্মকর্তাদের মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব/ যুগ্ম সচিব পদে এবং মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনার/ডিআইজি ইত্যাদি পদে পদায়ন করার মাধ্যমে একটি দক্ষ কর্মক্ষম প্রশাসন গড়ে তুলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।

এমন অবস্থায় বিগত স্বৈরাচারী সরকারের দোসরদের অবিলম্বে প্রশাসন থেকে প্রত্যাহার/অপসারণ করে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি সবিনয় আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত