পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪২)। আহত ব্যক্তি রংপুরে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯ নম্বরের ৪ নম্বর উপ-পিলার এলাকা দিয়ে বাংলাদেশি ৪ থেকে ৫ জনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। এ সময় ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় গরু নিয়ে ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে। তার সঙ্গীরা উদ্ধার করে রাতই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সেখানে গোপনে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বলেন, আহত ব্যক্তি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল)। এ ঘটনায় রবিবার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত