বগুড়া সারিয়াকান্দিতে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে সুমা খাতুন (২৩) নামে এক তরুণীর বিষপানের খবর পাওয়া গেছে। বিষপানের আগে তিনি স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আমরণ অনশনের প্রস্তুতি নেন। রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়রা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে সুমা খাতুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়রা কান্দি গ্রামের শাজাহান মোল্লার মেয়ে।
জানা গেছে, একই গ্রামের সাগর মিয়ার (২৫) সঙ্গে সুমা খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৮ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন তারা। পরদিন ২৯ নভেম্বর রাজধানীর বাইপাইল কাজি অফিসে তাদের বিবাহ রেজিস্ট্রি হয়।
সুমা খাতুনের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর সাগর মিয়া জোরপূর্বক কতিপয় দুষ্কৃতকারীর সাহায্যে সুমার কাছে থেকে তালাকনামায় স্বাক্ষর করায়। পরে সাগর মিয়া সুমাকে প্রাণনাশের হুমকি দেয়। নিরুপায় সুমা আক্তার ঢাকা ছেড়ে গত ৭ জানুয়ারি নিজের গ্রামের বাড়িতে চলে আসেন। পরে সুমা ৪ জনকে আসামি করে গত বুধবার সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ করেন।
এদিকে রবিবার সকালে সুমা সাগরের গ্রামের বাড়িতে আমরণ অনশন করতে বাড়ি থেকে বের হয়ে পথে বিষপান করে। খবর পেয়ে স্বজনরা তাকে সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমার বড়ভাই সুজন মিয়া বলেন, সাগর আমাদের অজান্তে আমার বোনকে বিয়ে করে, আবার ভয়ভীতি প্রদর্শন করে তালাকনামায় সই করে। এমতাবস্থায় আমার বোন তার বাড়িতে আমরণ অনশন করার প্রস্তুতির পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। আমার বোনকে নিয়ে আমরা এখন বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আছি। বিষয়টির আমরা সঠিক বিচার চাই।
অভিযুক্ত সাগর মিয়া বলেন, সুমার বিষ খাওয়ার বিষয়ে আমি অবগত হয়েছি। সুমাকে নিয়ে আমি সংসার করতে চাই।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, যেহেতু ঢাকায় ঘটনা, তাই এ বিষয়ে তদন্ত করা খুবই মুশকিল। তবে মেয়েটির নিরাপত্তার জন্য থানায় অভিযোগ নেওয়া হয়েছে। বিষ খাওয়ার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং প্রয়োজনীয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশিদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের সম্পদ জব্দের আদেশ