চ্যাম্পিয়নস ট্রফির ফটোসেশন করতে পাকিস্তান যাবেন রোহিত?

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে কখনো পাকিস্তানে যাননি ভারতের টেস্ট আর ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিও হবে হাইব্রিড মডেলে, যেখানে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। কিন্তু দল না গেলেও রোহিতকে পাকিস্তানে যাওয়ার প্রয়োজন হতে পারে অফিসিয়াল ফটোশ্যুটের জন্য। রোহিতকে কি পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে ভারত সরকার?

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিযোগী দেশগুলির অধিনায়কেরা ট্রফির সঙ্গে ফটোসেশন করে থাকেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়। সাধারণত আয়োজক দেশেই এই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হয়। তাই চ্যাম্পিয়নস ট্রফির আট অধিনায়ক এবং ট্রফির ফটোসেশন পাকিস্তানেই হওয়ার কথা।

নিরাপত্তা সংকটের কারণ দেখিয়ে পাকিস্তানে দল পাঠাচ্ছে না ভারত। প্রশ্ন উঠেছে, ফটোসেশনের জন্য অধিনায়ককে পাঠাবে তো? নাকি এই আনুষ্ঠানিকতাও হবে অন্য কোনো দেশে? পাকিস্তানের পক্ষ থেকে এখনও জানানো হয়নি, ফটোসেশনটি কোথায় হবে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ধারণা করছে, ভারতীয় বোর্ড সম্ভবত রোহিতকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না।

ভারতের আপত্তিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে লম্বা নাটক হয়েছে। পরে শর্তসাপেক্ষে পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে রাজি হয়। আগামী দিনে পাকিস্তান এবং ভারত যেসব আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে, সেগুলো হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ, ভারত যেমন পাকিস্তানে খেলতে যাবে না, তেমনই পাকিস্তানও ভারতের মাটিতে খেলবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত