এক সিনেমায় অক্ষয়-যিশু, থাকছেন ওয়ামিকাও  

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগাম ভাগ’ থেকে ‘গরম মশালা’, একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তবে মাঝে তাদের সম্পর্কে ভাঁটা পড়ে! দীর্ঘ ১৪ বছর বন্ধুত্বের খরা কাটিয়ে এবার একসঙ্গে আসছেন তারা।

ইতিমধ্যেই শুরু হয়েছে এই জুটির নতুন সিনেমা ‘ভূত বাংলা’র শুটিং। অক্ষয় কুমারের এই সিনেমাতে বিশেষ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকেও।

টলিউড, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে যিশু বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। বাংলা ছবির পাশাপাশি চুটিয়ে হিন্দি ছবিতেও অভিনয় করছেন। ৩টি দক্ষিণী ছবিও করে ফেলেছেন। প্রথম সারির বলিউড ছবি ‘মরদানি’, ‘মণিকর্নিকা’, ‘বারফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমার পাশাপাশি ট্রায়াল সিরিজেও অভিনয় করেছেন যিশু। 

কখনও তাকে বিদ্যা বালান, রানি মুখার্জির স্বামীর ভূমিকায় তো কখনও বা আবার কঙ্গনা রানাউতের বিপরীতে দেখা গেছে। এবার অক্ষয় কুমারের ভূতুড়ে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় যিশু সেনগুপ্ত। 

সম্প্রতি দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে খলচরিত্রে বাজিমাত করেছেন অভিনেতা। এবার বলিউডের বিগ বাজেট সিনেমায় তিনি। প্রিয়দর্শন পরিচালিত সিনেমায় প্রথমবার অভিনয় করতে চলেছেন যিশু। আর সেই খবরটা ফাঁস করলেন টাবু। কারণ তিনিও ‘ভূত বাংলা’তে রয়েছেন। রবিবার শুটিং শুরু হওয়ার খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তার সেই পোস্টেই যিশু সেনগুপ্তর নাম জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা- ‘আমরা এখানে বন্দি।’ 

উল্লেখ্য, অক্ষয়-প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ ছবিতে রয়েছেন ওয়ামিকা গাব্বিও।  

সিনেমাটির সিংহভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। ‘ভূত বাংলা’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত