মুম্বাইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনে দেখা গেছে ভারতের ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মাকে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের ব্যাটিং ব্যর্থতার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড অনানুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের ঘরোয়া লিগ রঞ্জিতে খেলার ব্যাপারে উপদেশ দিয়েছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর কোচ গৌতম গম্ভিরও একই তাগিদ দেন। এরই ধারাবাহিকতায় রঞ্জির অনুশীলনে দেখা গেলো রোহিত শর্মাকে।
আগামী ২৩ জানুয়ারি জম্মু ও কাশ্মিরের সঙ্গে ঘরের মাঠে ষষ্ঠ রাউন্ডের ম্যাচ খেলবে মুম্বাই। ওই ম্যাচটিতে খেলার ইচ্ছা, রোহিত রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। মুম্বাই কোচ ওমকার সালভির সঙ্গে আলোচনার পর মঙ্গলবারের অনুশীলনে নেটে দুই ঘন্টা সময় ব্যয় করেন রোহিত।
২০১৫ সালে সবশেষ উত্তরপ্রদেশের বিপক্ষে রঞ্জির ম্যাচ খেলেছিলেন রোহিত।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তিন টেস্টে ৫ ইনিংসে রোহিত রান করেন মাত্র ৩১। ২০২৩-২৪ ঘরোয়া মৌসুমেও রান ছিল না ব্যাটে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দশ ইনিংসে তার গড় ছিল মাত্র ১৩.৩০। যার মধ্যে তার নেতৃত্বে কিউইদের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে। ঘরের মাঠে তিন বা তার বেশি ম্যাচে ভারতের এভাবে হোয়াইটওয়াশের ঘটনাটি ছিল এটাই প্রথম। অবশ্য এখনো এই ম্যাচের জন্য রঞ্জির স্কোয়াড ঘোষণা করেনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
গতির কিংবদন্তি শোয়েবের কাছ থেকে শিখতে চান নাহিদ
বাউন্ডারি ছোট করেও ছক্কার সংখ্যায় আইপিএলের ধারেকাছে নেই বিপিএল