দুই শিশুকে যৌন নিপীড়নের পৃথক মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম

চট্টগ্রামে ৫ এবং ১৩ বছর বয়সী দুই শিশুকে যৌন নিপীড়নের পৃথক দুই মামলায় এক মাদ্রাসা অধ্যক্ষসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুইজনকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক  ফেরদৌস আরা পৃথক রায়ে এ আদেশ  দেন। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন– চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গা এলাকার জামিয়াতুল মদিনা মাদ্রাসার অধ্যক্ষ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার বাসিন্দা মাকসুদুর রহমান (২৮) ও  নোয়াখালীর চরজব্বর থানার পূর্ব চরভাটা এলাকার জোবায়ের হোসেন (২৭)। রায়ের সময় আসামি মাকসুদ উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামি জোবায়ের আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষার্থী পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজের রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন অধ্যক্ষ মাকসুদ। এ ঘটনায় শিশুটির বাবা মাকসুদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।  তদন্ত শেষে ২০২১ সালের ২৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২২ সালের ২  মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। এ ঘটনায় নির্দোষ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার আরেক শিক্ষককে খালাস দিয়েছেন আদালত। 

অপরদিকে ২০১৯ সালের ৬ জুলাই নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করেন জুবায়ের। এ ঘটনায় ওই শিশুর মা পাঁচলাইশ থানায় জুবায়েরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।  তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২১ সালের ১৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায়  দেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত