আনোয়ারায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় বিস্ফোরক মামলায় বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহাব মিয়ার ছেলে। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য।

স্থানীয়রা জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়। মামলার পর থেকে সকল ইউপি চেয়ারম্যান আত্মগোপনে থাকলেও বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী নিজ এলাকায় থেকে ইউনিয়ন পরিষদে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, দুপুরে বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত