বয়স মাত্র ১৮ বছর, চোখেমুখে অবারিত স্বপ্ন। কোয়ালিফায়ার উতরে অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্ব দিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন ব্রাজিলের জোয়াও ফনসেকা। নেমেই হারিয়ে দিয়েছেন বিশ্ব টেনিসের নবম বাছাই রাশিয়ার আন্দে রুবলেভকে। আর এতেই বিশাল এক কীর্তি গড়ে ফেলেছেন ফনসেকা। টেনিসের উন্মুক্ত যুগে ২৩ বছর পর কোনো তরুণ, গ্র্যান্ড স্ল্যাম অভিষেক ম্যাচে শীর্ষ দশের কাউকে হারালেন। সেই সঙ্গে টেনিস কোর্টে টানা ১৪ ম্যাচ ধরে অপরাজিত রইলেন ফনসেকা।
সবশেষ এই কীর্তি ঘটিয়েছিলেন মারিও আনসিচ। ২০০২ সালের উইম্বলডনে গ্র্যান্ড স্ল্যাম অভিষেক ম্যাচে শীর্ষ দশের থাকা টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়েছিলেন আনসিচ। পরবর্তী ক্যারিয়ারে টেনিস র্যাংকিংয়ের ৭ নম্বরে উঠেছিলেন আনসিচ। ব্রাজিলিয়ান ফনসেকা অবশ্য এরই মধ্যে নিজের দেশ ব্রাজিলে তারকা বনে গেছেন। গত ডিসেম্বরে এটিপি নেক্সট জেন ফাইনাল জেতেন তিনি। কার্লোজ আলকারাজ এবং ইয়ানিক সিনারও এই শিরোপা জেতার পরই বড় মঞ্চে আবির্ভুত হয়েছিলেন।
ওই শিরোপা জেতার ফলে ক্যানবেরায় চ্যালেঞ্জার কাপে সুযোগ পান ফনসেকা। সেটি জিতে তারপর তিন রাউন্ডের কোয়ালিফায়ার উতরে অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে জায়গা করে নেন ব্রাজিলের এ তরুণ। প্রথম রাউন্ডের ম্যাচেই মুখোমুখি হন অস্ট্রেলিয়ান ওপেনের তিনবারের কোয়ার্টার ফাইনালিস্ট রুবলেভের। মার্গারেট কোর্ট অ্যারেনায় ৭-৬, ৩-৬ ও ৭-৬ গেমের লড়াই শেষে গ্র্যান্ড স্ল্যামে অভিষেক জয়ের এ কীর্তি গড়েন ফনসেকা।
প্রতিক্রিয়ায় এ তরুণ জানান, ‘আমি শুধু কোর্টের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছি। এর আগে এতো বড় স্টেডিয়ামে কখনো খেলিনি। এটাই আমার প্রথম গ্র্যান্ড স্ল্যাম। আমি খেলার সুযোগটুকু উপভোগ করার চেষ্টা করেছি। অসাধারণ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। এখানে ব্রাজিলের অনেকেই আছেন। তাদেরকে ধন্যবাদ।’
এমন নৈপুণ্যের গোমর জানতে চাইলে রজার ফেদেরারকে উদ্ধৃত করে ফনসেকা বলেন, ‘রজার যেমনটা বলেছেন, কঠোর পরিশ্রম ছাড়া প্রতিভা যথেষ্ট নয়। আমিও এখানে আসতে তাই করেছি, ব্যাস।’ রিওতে জন্ম ও বেড়ে ওঠা ফনসেকা ২০২৩ সালে ইউএস ওপেন জুনিয়রের শিরোপা জেতেন। তবে ২০২১ সালে আলকারাজ, ২০১৯ সালে সিনার এবং ২০১৮ সালে সিতসিপাসের পদাঙ্ক অনুসরণ করে গতবছরের নেক্সট জেন শিরোপা জেতাটাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন এ তরুণ। আর অভিষেক গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে ভবিষ্যত তারকা হয়ে ওঠার আগাম ঘোষণা জানিয়ে রাখলেন জোয়াও ফনসেকা।
সিটির সাভিনহোর দিকে নজর পড়েছে রিয়াল মাদ্রিদের
‘খেলে মজা পাবে’, পিএসএল নিয়ে রিশাদকে তামিম