ট্রাম্পের অভিষেক প্রযুক্তি দুনিয়ার প্রস্তুতি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ এএম

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শপথ  নেবেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন অংশ নেবেন, তেমনি প্রযুক্তি দুনিয়ার তারকারাও উপস্থিত থাকবেন।

বর্ণিল এই অভিষেক অনুষ্ঠানে যারা থাকতে পারেন তারা হলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান, উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহীসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। এরই মধ্যে মেটা ও অ্যামাজন উভয় প্রতিষ্ঠানই অভিষেক অনুষ্ঠানের বিশেষ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। অন্যদিকে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান ব্যক্তিগতভাবে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছেন।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। এরপর গত কয়েক মাসে বেশ কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে মার্ক জাকারবার্গ দুবার ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। এরই মধ্যে ট্রাম্পের জন্য ফেসবুকের বেশ কিছু নীতিরও পরিবর্তন করেছে মেটা। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। মূলত দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছেন প্রযুক্তি উদ্যোক্তারা।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রযুক্তি বিশে^ বেশ জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এর কারণ, ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে স্যাম অল্টম্যানের শক্রতা। স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলাও করেছেন ইলন মাস্ক। আর তাই স্যাম অল্টম্যানও চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের দলে ভিড়তে। প্রযুক্তি দুনিয়ার অন্যান্য ব্যক্তিদের মধ্যে ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ও প্রধান পণ্য কর্মকর্তা কেভিন ওয়েইল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মতো প্রযুক্তি দুনিয়ার অন্য তারকারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে দেখা করলেও অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা এখনো জানা যায়নি।

অভিষেকে অনুদান

ট্রাম্পের অভিষেক নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের অনুদানও কম না। অ্যামাজন, মেটা, ওপেনএআই ও উবারের মতো বড় বড় প্রতিষ্ঠানের অনুদান দিয়েছেন। ফেসবুকের মূল কোম্পানি মেটা ও মার্কিন ই-কমার্স কোম্পানি অ্যামাজন ইতিমধ্যে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে। ১০ লাখ ডলার অনুদান দিয়েছে মার্কিন এয়ারক্রাফট নির্মাতা কোম্পানি বোয়িং, গুগল ও মাইক্রোসফট। এ অনুদানের তালিকায় তেল উৎপাদক শেভরন এবং উবারের  রয়েছে জানা গেছে বিবিসির প্রতিবেদনে।

বোয়িং : বোয়িংয়ের মুখপাত্র জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অভিষেক কমিটিকে সমর্থনের মাধ্যমে কোম্পানিটির দ্বিপক্ষীয় ঐতিহ্য অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত। তারা আরও বলেছে, গত তিনটি প্রেসিডেন্টের অভিষেক তহবিলের প্রতিটিতে একই রকম অনুদান দিয়েছে বোয়িং। সম্প্রতি এয়ারক্রাফটের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সংকট কাটিয়ে ওঠার জন্য কাজ করছে  বোয়িং। পরবর্তী প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফট, ‘এয়ার ফোর্স ওয়ান’ও তৈরি করছে বোয়িং। ধারণা করা হচ্ছে, আগামী বছরের প্রথম দিকে পরিষেবায় আসতে পারে জেট দুটি। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে বোয়িংকে তাদের চুক্তি পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিলেন ট্রাম্প। কারণ, ওই সময় এ চুক্তিটিকে খুব ব্যয়বহুল বলে বর্ণনা করেছিলেন তিনি।

মাইক্রোসফট : ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের অভিষেক তহবিলে প্রতিষ্ঠানটির অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফটের এক মুখপাত্র। ব্লুমবার্গ প্রতিবেদনে বলেছে, ২০১৭ সালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ও ২০২১ সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের প্রতিটিতে পাঁচ লাখ ডলার করে অনুদান দিয়েছিল মাইক্রোসফট।

গুগল : প্রেসিডেন্ট তহবিলে অনুদান দেওয়া সর্বশেষ বড় প্রযুক্তি কোম্পানি গুগল। গুগল গোটা বিশ্বে ট্রাম্পের অভিষেক ইভেন্টটি স্ট্রিম করবে । গুগলের গ্লোবাল হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির করণ ভাটিয়া বলেছেন, ‘ইউটিউবে লাইভস্ট্রিম ও আমাদের হোমপেজে সরাসরি লিংক দিয়ে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সমর্থন জানাতে পেরে আনন্দিত বোধ করবে গুগল।’

শেভরন : জ্বালানি খাতের শেভরন তহবিলে অনুদান দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কত দিয়েছে জানা যায়নি। ‘যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিক উভয় দলের উদ্বোধনী কমিটিকে সমর্থন করে গণতন্ত্র উদযাপনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে শেভরনের। এ বছর আমরা আবারও অভিষেকে অংশ নিতে পেরে গর্বিত’, বলেছেন শেভরনের বৈশ্বিক মিডিয়া সম্পর্ক ব্যবস্থাপক বিল টুরেইন।

হুন্ডাই, স্টেলান্টিস, ডেল্টা : হুন্ডাই মোটর, ক্রিসলার স্টেলান্টিস এবং ডেল্টা এয়ারলাইনসের ইউএস ইউনিট ঘোষণা করেছে যে, তারা প্রত্যেকে ট্রাম্পের উদ্বোধনী তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে যা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

এদিকে গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড, জেনারেল মোটর্স ও টয়োটাও উদ্বোধনী কমিটিকে ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত