টানা অফফর্মের কাণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি লিটন কুমার দাস। মজার ব্যাপার হলো, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার রাতেই বিপিএলে তিনি বিস্ফোরক সেঞ্চুরি হাঁকান। ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত সেই ইনিংসের পর নতুন করে ফের আলোচনায় লিটন। কেউ কেউ তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফেরাতেও বলছেন। এদিকে মন খারাপ তানজিদ হাসান তামিমের।
জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ তামিম যে লিটন দাসের ভক্ত, সেটা সবার জানা। ফর্মে থাকা লিটনের মতো দৃষ্টিনন্দন ব্যাটিং আর কেউ করতে পারে না। কিন্তু সেই ফর্মটাই তার বড্ড অধারাবাহিক। এ কারণেই লিটনকে সবসময় সমালোচনা হজম করতে হয়। আজ বুধবার চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসের অনুশীলন শেষে গণমাধ্যমকে লিটনের বাদ পড়ায় নিজের অনুভূতি জানালেন তামিম।
তিনি বলেছেন, ‘ভালো না খেললে সবাইকে বাদ পড়তে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব উনি তাড়াতাড়ি দলে ফিরবেন। যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে। আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবেন।’
লিটন যেদিন সেঞ্চুরি হাঁকালেন, সেদিন তানজিদও সেঞ্চুরি করেছিলেন। দুজনে মিলে গড়েছিলেন রেকর্ড জুটি। অপর প্রান্ত থেকে লিটনের চোখ জুড়ানো ব্যাটিং দেখে নিজেকে ভাগ্যবান মনে করছেন এই তরুণ ওপেনার, ‘আমি অনেক ভাগ্যবান, কেননা আমি উনার বড় ভক্ত। ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা ব্যাপার। আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শটগুলো।’
বাড়তি মালপত্রের খরচও এখন রোহিতদের থেকে নেবে বিসিসিআই!
বিপিএলে লজ্জার ঘটনা; পারিশ্রমিক না পেয়ে ক্রিকেটারদের অনুশীলন বর্জন!
মেসির মহত্ত্বে মুগ্ধ হয়ে ভক্ত বনে গেলেন বাস্কেটবল কিংবদন্তি