আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আরও ৮ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের করা পৃথক তিনটি আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের তিনজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
এর আগে তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। একই সময় তার পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানায় এসব মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। দুটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন এবং অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।
জানা গেছে, ইঞ্জিনিয়ার মোশাররকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় একটি ও চট্টগ্রামে আটটিসহ মোট ৯টি মামলা রয়েছে।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর ঢাকা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফকে গ্রেপ্তার করা হয়।
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন