নতুন বছরে প্রথম বাড়ল সোনার দাম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৫৫ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

নতুন বছর শুরুর পর আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রথমবারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা এলো। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছিল।

আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৪৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮০৫ টাকা বাড়বে।

নতুন দর অনুযায়ী, কাল বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকায় বিক্রি হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৩ হাজার ৬৭৪ টাকা।

আজ বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯২ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হয়েছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত