দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তার পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।
হামলার মঞ্জুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসকেরা জানান, মাথায় আঘাত গুরুতর হওয়ায় তিনি এখনো শঙ্কামুক্ত না।
এদিকে কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা অধ্যক্ষের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
এ সময় বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী লায়লা আফরিন, সাদিয়া সুলতানা, মাবিয়া হায়দার, হাসনা জাহান, রামিম ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খালদুজ্জামান মিঠু, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শেখ জামাল, কলেজ শিক্ষক মাসুদ ইকবাল, বদিউল আরম সুজন, মোছাদ্দেকুর রহমান প্রমুখ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, এ ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিল
হাইকোর্ট এলাকায় পুলিশের লাঠিচার্জে আহত ৭ জন ঢামেকে