বলিউডে আতঙ্ক, ‘ভীত’ কারিনার নিরাপত্তা বাড়ল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম

মুম্বাইয়ের বাড়িতে দুষ্কৃতীর ছুরিকাঘাতে আহত বলি অভিনেতা সাইফ আলী খান। মধ্যরাতে তাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে। ইতোমধ্যে লীলাবতী হাসপাতালে সাইফের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাখা হয়েছে আইসিইউতে। এ ঘটনায় বলিউডজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, চুরি করতেই বাড়িতে ঢুকে দুষ্কৃতী। কীভাবে ঘটনাটি ঘটল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই সাইফের বাড়ির কয়েকজন কর্মীকে আটক করেছে মুম্বাই পুলিশ। শুধুই চুরি, নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতী বাড়িতে ঢুকেছিল জানতে তদন্ত চলছে।

এর মধ্যেই জোরদার করা হয়েছে কারিনা কাপুর খানের নিরাপত্তা। বুধবার রাতের ঘটনার পর কারিনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাকে দেখেই বোঝা যায়, তিনি ভীত ও সন্ত্রস্ত। বৃহস্পতিবার দুপুরেও সাইফকে দেখতে লীলাবতী হাসপাতালে যান অভিনেত্রী। এ সময় দেখা যায়, অন্য সময়ের তুলনায় কারিনার নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

এমনিতে প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন সাইফ-কারিনা। সঙ্গে থাকেন তৈমুর ও জেহ। সন্তানদের নিয়ে কোনো রাখঢাক করেন না তারা। তাদের সঙ্গে দেহরক্ষীও থাকে না। কিন্তু বুধবার রাতের ঘটনার পর সব যেন বদলে গেল। হাসপাতালে কারিনার সঙ্গে দেখা যায় একাধিক দেহরক্ষী ও পুলিশকর্মীকে।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নয়, বরং বহু ক্ষণ আগেই দুষ্কৃতী ঢুকে পড়েছিল বান্দ্রার ওই আবাসনে। সন্দেহ করা হয়েছিল, কোনও গৃহকর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়ে থাকতে পারেন সাইফ। এর মধ্যে জল্পনা- এ ঘটনায় লরেন্স বিশ্নোইয়ের হাত নেই তো?

গত অক্টোবরে সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করেছিল লরেন্স বিশ্নোই। এরপর সালমান-ঘনিষ্ঠদের সতর্ক করে তারা। একই কারণে চলতি বছরে জন্মদিন আড়ালেই কাটিয়েছেন সালমান ও শাহরুখ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত