পারিশ্রমিক নিয়ে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের প্রতিবাদের পর একের পর এক থলের বেড়াল বেরিয়ে আসছে। এবার জানা গেছে, কোনোরকম চুক্তিপত্র ছাড়াই বিপিএলের অর্ধেক পার করে ফেলেছেন ক্রিকেটাররা। অথচ, নিয়মানুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে চুক্তিপত্র দিতে হবে। সেই চুক্তিপত্র সরবরাহ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। মজার বিষয় হলো, বিসিবি এটা জানেই না!
মেয়েদের বিপিএল নিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, আরেক পরিচালক ইফতেখার আহমেদ মিঠু এবং হাবিবুল বাশার। চুক্তিপত্র নিয়ে প্রশ্ন উঠলে ফাহিম বলেন, তিনি এসব কিছু জানেন না! তখন ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘যখন আমরা বিষয়টি জেনেছি, তখনই বোর্ড প্রেসিডেন্টসহ আমরা মিলে রাজশাহীর সমস্যা সমাধানের চেষ্টা করেছি।’
বিপিএল মাঝপথে চলে এলেও পারিশ্রমিক সমস্যার সমাধান হয়নি। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা প্রতিশ্রুত অর্থ পাননি। কেউ কেউ তো এক টাকাও পাননি। কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের মোট পাওনার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করেছে। এসব বিষয়ে বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘পারিশ্রমিক নিয়ে সমস্যা হলে বিষয়টি আমাদের কানে আসবে। রাজশাহীর ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। অন্যদের ক্ষেত্রেও এমনটি হলে আমরা ব্যবস্থা নেব।’
বিপিএলের নানা অনিয়মের জন্য সরাসরি ফ্র্যাঞ্চাইজিগুলোকে দায়ী করে ফাহিম বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল এটি সেরা বিপিএল হবে। যারা এই যাত্রায় যুক্ত হবেন, তারা দায়িত্বশীল আচরণ করবেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সেই প্রত্যাশার প্রতিফলন দেখিনি।’
সংসদ সদস্যের প্রেমে রিংকু সিং; দিলেন বিয়ের প্রস্তাব
এক ওভারে তিন ওয়াইড ঘিরে সন্দেহজনক লেনদেন, বিপিএলে হচ্ছেটা কী?
‘ভুয়া ‘ভুয়া’ স্লোগান: অসহায়ের মতো চেয়ে রইলেন লিটন