আধডজন গোলের জয়ে এক লাফে চারে ম্যানসিটি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম

বাজে সময় পেরিয়ে রীতিমতো গোল উৎসব করছে ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে ইপসউইচ টাউনকে তাদেরই মাঠে ৬-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এর আগে এফএ কাপের ম্যাচে প্রতিবেশী স্যালফোর্ড সিটিকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিলো সিটিজেনরা। ইপসউইচকে পেলেই গোলের হালি পূরণ করা অভ্যাস হয়ে গেছে সিটির। প্রথম লেগের ম্যাচেও তারা ৪-১ গোলে জিতেছিলো। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।

সিটির হয়ে সর্বোচ্চ দুটি গোল প্রথমার্ধেই করেন ফিল ফোডেন। সেই সঙ্গে মাতেও কোভাচিচের গোলে প্রথমার্ধেই ৩ গোলের লিড পায়। এরপর দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু, আর্লিং হাল্যান্ড ও জেমস ম্যাকাটি জালের দেখা পান। আর তাতেই ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। 

২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ব্রাইটন। আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। আর ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত