৩ ম্যাচে ৪ গোলের পর রিয়ালে মানিয়ে নিতে পেরে খুশি এমবাপ্পে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম

সময়ের সঙ্গে রিয়াল মাদ্রিদে নিজেকে মানিয়ে নিয়েছেন ২৬ বছরের তারকা কিলিয়ান এমবাপ্পে। গত রাতেও করেছেন জোড়া গোল। সবশেষ তিন ম্যাচে চারটি গোল করলেন তিনি। লা লিগায় ১২ গোল নিয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা ১৮টি।

নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লাস পালমাসের বিপক্ষে ৪-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের জোড়া গোল, ব্রাহিম দিয়াজ এবং রদ্রিগো গোজের লক্ষ্যভেদে দাপুটে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। শিষ্যকে নিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘এমবাপে বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড। লোকের সংশয় ছিল সে এই পজিশনে সে খেলতে পারে কি না। কিন্তু এটা নিয়ে কোনো সংশয় থাকাই উচিত নয়। সে দুর্দান্ত এক স্ট্রাইকার, যে উইংয়ের চেয়ে মাঝখানে খেললেই বেশি ভালো। কারণ, এখানেই সে তার গতি ও টেকনিক দিয়ে আক্রমণে ছুটতে পারে, যেখানে সে অনন্য।’

ফর্ম নিয়ে ওঠা সমালোচনার জবাব মাঠেই দিয়ে যাচ্ছেন এমবাপ্পে। জোড়া গোলের পর এ ফরাসি তারকা বলেন, ‘আমার মনে হয় আমি এখন দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি। যেভাবে চাইছি সেভাবেই খেলতে পারছি। আমি খুব খুশি যে যার যার ব্যক্তিত্ব ধরে রেখে সবাই মিলে এই সফরটা উপভোগ করছি। লিগ জেতার জন্য আমাদের শুধু নিজেদের ওপর নির্ভর করলেই চলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত