সাইফুল হক 

শহীদদের আত্মত্যাগ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শহীদ আসাদের রক্তের ধারাতেই '৬৯ এর গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং মুক্তিযুদ্ধের জমিন তৈরি হয়। আসাদের স্বপ্ন ছিল শোষণ বৈষম্যহীন জনগণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা। কিন্তু তার শহীদ হবার ৫৫ বছর পার হলেও বাংলাদেশ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক হয়নি।

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, গত ৫৪ বছরে ক্ষমতার জন্য লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন করা হয়নি।

তিনি বলেন, ২০২৪-এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে আসাদসহ আমাদের লক্ষ শহীদের স্বপ্ন শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, জোনায়েত হোসেন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত