ইনজুরি কাটিয়ে প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের পেস তারকা মোহাম্মদ শামি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার নাম আছে। এর আগে খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে। পেসারদের চিরশত্রু চোট থেকে মুক্ত হয়ে জাতীয় দলে ফিরতে শামিকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। বাদ দিতে হয়েছে পছন্দের খাবার।
খেলা বিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্টস বুম’কে দেওয়া এক সাক্ষাৎকারে শামির পরিশ্রম ও ত্যাগের গল্প শুনিয়েছেন তার রঞ্জি ট্রফির দল বেঙ্গলের ফাস্ট বোলিং কোচ শিব শঙ্কর পাল। তিনি বলেন, ‘শামি এতটাই ক্ষুধার্ত ছিল যে, ম্যাচ শেষ হওয়ার পরেও ৩০-৪৫ মিনিট বাড়তি বোলিং করার অনুরোধ করত। এমনকি ম্যাচের দিনও ভোর ৬টায় পুরো দলের আগে মাঠে উপস্থিত থাকত।’
শরীর ফিট রাখতে শামিকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হয়েছে। বাদ দিয়েছেন পছন্দের খাবার। শিব শঙ্কর পালের ভাষায়, ‘শামি কঠোর ডায়েটিং করছে। সে বিরিয়ানি খুব পছন্দ করে, কিন্তু মাঠে ফেরার গত দুই মাসে তাকে আমি বিরিয়ানি খেতে দেখিনি। ফাস্ট বোলারদের ইনজুরি থেকে ফিরে আসতে সময় লাগে। কিন্তু শামি মাঠে নামার জন্য ক্ষুধার্ত ছিল। দীর্ঘসময় ধরে নেটে অনুশীলন করে যাচ্ছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকেই মাঠের বাইরে ছিলেন শামি। তার দেহে অস্ত্রোপচার করা হয়েছিল। সুস্থ হওয়ার পর বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে বেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। বোর্ডার-গাভাস্কার ট্রফির দলে জায়গা না পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই শামিকে তার স্বরূপে ফিরে পাওয়ার আশা করছেন শিব শঙ্কর পাল, ‘আমার মনে হয়, ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপে আমরা যে শামিকে দেখেছি, সেই অবস্থায় ফিরতে তার হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামির সেই জোন এবং ফিটনেস ঠিক করার জন্য ইংল্যান্ড সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝতে হবে যে লাইন, লেন্থ, সুইং এবং পেসের দিক থেকে সে সবসময়ই অন্যদের চেয়ে একেবারেই আলাদা।’
বিপিএলে টাকা না পেয়ে শ্রীলঙ্কান ক্রিকেটারের অভিযোগ
একই টুর্নামেন্টে খেলবেন সাকিব-তামিম
পাঁচ বছর আগে টি-টোয়েন্টি খেলা সেই পেসারের হাস্যকর বোলিং