ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির ব্যক্তিগত জীবন মোটেও সুখের নয়। দীর্ঘদিন ধরে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্ত্রী-সন্তানের ভরণপোষণ বাবদ মাসে ৪ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে শামিকে। এবার একমাত্র মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে হাসিন জাহানের গালাগাল হজম করতে হলো ভারতীয় পেসারকে।
২০১৪ সালে শামি ও হাসিন জাহান বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক বছর পর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আয়রা। ২০১৮ সাল নাগাদ তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আয়রা মায়ের কাছেই বড় হচ্ছে। গতকাল ছিল তার জন্মদিন। এই উপলক্ষে শামি তার ইনস্টাগ্রামে মেয়ের সাথে একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রিয় কন্যা, আমার এখনও মনে আছে আমরা জেগে থাকা, কথা বলা, হাসতে কাটানো রাতগুলো, বিশেষ করে তোমার নাচের কথা। বিশ্বাসই হচ্ছে না তুমি এত দ্রুত বড় হয়ে উঠছ। তোমার জীবনের জন্য আমি কেবল শুভকামনা জানাই। ঈশ্বর তোমাকে আজ এবং সর্বদা তোমাকে ভালোবাসা, শান্তি, আনন্দ এবং সুস্বাস্থ্যের সাথে আশীর্বাদ করুন। শুভ জন্মদিন।’
শামির এই পোস্ট দেখেই চটে যান হাসিন। তিনি পাল্টা পোস্টে লিখেন, ‘শুভ জন্মদিন মাম্মার বাচ্চা। তোমার মা সবসময় তোমাকে সমর্থন দিয়ে যাবে এবং আদালত থেকে তোমার সমস্ত অধিকার আদায় করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত সবসময় তোমার সাথে থাকুক আমার বাচ্চা। একজন মেয়েবাজ বাবা শুধু ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মিথ্যা পোস্ট করেই নিজের মেয়ের প্রতি দায়িত্ব শেষ করে।’
হাসিন আরও লিখেছেন, ‘সে তার মেয়ের সাথে কথা বলে না এমনকী জন্মদিনে তাকে শুভেচ্ছাও জানায় না, কোনো উপহার পাঠায় না। মেয়ের মনে বাবাকে কাছে পাওয়ার অনুভূতিও জাগে না। যাদের সামনে সে ভালো সেজে থাকে, তারা যেদিন তাকে জুতা দিয়ে মারবে, সেদিন আমাকে বলো। কারণ, সত্য একদিন সারা দুনিয়ার সামনে প্রকাশিত হবেই।’
ম্যানচেস্টারে রুটের সামনে পাঁচটি রেকর্ডের হাতছানি
একই অপরাধে ইংল্যান্ডের শাস্তি হলো; ভারতের কেন হলো না?