‘মেসির শিক্ষা-দীক্ষার অভাব আছে!’

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম

আর্জেন্টিনার ফুটবল মহানায়ক লিওনেল মেসি মাঠ ও মাঠের বাইরে ভীষণ শান্ত স্বভাবের। কিন্তু গত রবিবার প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে খেলতে নেমে তিনি ধৈর্য্য হারিয়েছিলেন। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে যায় ইন্টার মায়ামি। এই ম্যাচেই মেসির আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

ম্যাচের এক পর্যায়ে মেসিকে উদ্দেশ্য করে দুয়ো দিচ্ছিলেন নেভাদার দর্শকরা। এর আগে পিএসজিতেও এমন অভিজ্ঞতা হয়েছিল মেসির। কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। এবার আর নিজেকে সংবরণ করতে পারলেন না। দুয়োর জবাবে আর্জেন্টাইন মহাতারকা আঙুলে দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দেন, আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে আর মেক্সিকো এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জিততে পারেনি।

মেসির ওই ভঙ্গিমার ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এটাকে বাঁকা চোখে দেখছেন। তাদের অন্যতম মেক্সিকোর সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আদোলফো বাউতিস্তা। তিনি মেসিকে রীতিমতো আক্রমণ করে বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু আমার দেশকে নিয়ে বাজে আচরণ তোমার পেশাদারিত্ব এবং শিক্ষার অভাবকেই ফুটিয়ে তোলে।’

অবশ্য এমন মন্তব্য করে বাউতিস্তাও সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। বর্ণাঢ্য এবং প্রায় বিতর্কহীন ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসির শিক্ষা-দীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় তাকে ধুয়ে দিচ্ছেন অনেকেই। মেসি অবশ্য এখন পর্যন্ত মুখ খোলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত