জিদানের চোখে মিশরের আফকন দুর্দশা ঘোঁচানোর কান্ডারি হবেন সালাহ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মিশরীয় কিংবদন্তি মোহামেদ জিদান। এ স্ট্রাইকারের মতে মিশরের জাতীয় ফুটবল দল লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তিনি মনে করেন, সালাহর নেতৃত্ব মিশরকে আফ্রিকা কাপ অফ নেশনস (আফকন) শিরোপার খরা কাটাতে সাহায্য করতে পারে।

আফ্রিকা কাপ অব নেশনসের ইতিহাসে সর্বোচ্চ সফল দল মিশর। ১৯৫৭ সাল থেকে শুরু হওয়া এ মহাদেশীয় প্রতিযোগিতায় সাতবার শিরোপা জিতেছে দেশটি। তবে গত সাতটি আসর ধরে শিরোপার ছোঁয়ার স্বপ্ন তাদের অধরাই রয়ে গেছে। সর্বশেষ তারা ২০১০ অ্যাঙ্গোলা আসরে ঘানাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ফাইনালে দলের জয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেছিলেন গেদো।

এবার মরক্কোতে হতে যাওয়া আফ্রিকা কাপ অফ নেশনসে ২৭তম বারের মতো অংশ নিচ্ছে মিশর। তিনবারের আফকন চ্যাম্পিয়ন জিদান আশা করছেন, প্রিমিয়ার লিগের এই তারকা দেশকে ১৫ বছরের শিরোপা-খরা কাটিয়ে উঠতে সাহায্য করবেন, ‘সালাহ এরইমধ্যে অনেক কিছু অর্জন করেছেন - তিনি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, প্রিমিয়ার লিগ জিতেছেন, প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। আমরা সত্যিই আশা করি, এবার তিনি মিশরকে আফ্রিকা কাপে জয় এনে দিতে পারবেন।’

জিদান আরও যোগ করেন, ‘আমি সত্যিই আশা করি মিশর আবারও আফ্রিকা কাপ অফ নেশনস জিততে পারবে। আমাদের প্রজন্ম ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালে টানা তিনবার শিরোপা জিতেছিল। কিন্তু তারপর থেকে মিশর আর শিরোপা জিততে পারেনি। আমরা দুবার ফাইনালে উঠেছি, কিন্তু দুর্ভাগ্যবশত হারতে হয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি, এবার মিশর শিরোপা ঘরে ফিরিয়ে আনতে পারবে।’

মিশরের ফুটবল ভক্তরা এখন তাকিয়ে আছেন সালাহর দিকে। ১০৩ ম্যাচে ৫৯ গোলে তিনি মিশরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ১০ গোলের ব্যবধানে সালাহ পিছিয়ে আছেন শীর্ষে থাকা হোসাম হাসানের থেকে। মিশরের আরেক কিংবদন্তি ও সাবেক অধিনায়ক আহমেদ হাসান এখন মিশরের কোচ। ২৭ জানুয়ারি ড্র অনুষ্ঠিত হবে এবারের আসরের। দুই কিংবদন্তির যুথবন্ধনে ফারাওরা আবারও তাদের ফুটবল ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় লিখতে পারবে কিনা, সময়ই তা বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত