রিয়ালে উপভোগ্য সময় কাটছে এমবাপ্পের

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম

পিএসজি থেকে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে গিয়ে ফর্মের সঙ্গে লড়াই করতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। চারদিক থেকে ভেসে আসছিল সমালোচনা। তবে বর্তমানে ক্লাবটির হয়ে ধারাবাহিকভাবে দারুণ খেলে চলেছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকা। তাই তার সময়টাও কাটছে দারুণ, একেবারে স্বপ্নের মতো।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সলজবার্গের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘আমার কাছে এটা স্বপ্নের মতো ব্যাপার। যখন আমি ভালো খেলিনি, তখনও আমি খুশি ছিলাম। কারণ আমি জানতাম এটি আমার দোষ, আমার সতীর্থদের নয় বা ক্লাবেরও নয়। স্প্যানিশ সংস্কৃতি শিখতে চেষ্টা করছি, যা ফরাসি সংস্কৃতি থেকে আলাদা। তবে আমি সময়টা ভালো কাটাচ্ছি। আমার জীবন আমি উপভোগ করছি।’

রিয়াল মাদ্রিদের মতো প্রথম সারির ক্লাবে যোগ দিতে মানসিক প্রস্তুতির প্রয়োজনীয়তাও স্মরণ করিয়ে দেন এমবাপ্পে, ‘রিয়াল মাদ্রিদে আপনাকে বিনয়ের সঙ্গে আসতে হবে। এটি এমন একটি দল, যারা সবকিছু জিতেছে। এখানে সর্বোচ্চ সম্মান এবং কঠোর পরিশ্রম করতে হয়। শুরুতে আমি খুব বেশি ভাবছিলাম—কীভাবে চলব, কীভাবে খেলব। যখন এত বেশি চিন্তা করবেন, তখন নিশ্চয়ই আপনি ভালো খেলতে পারেন না।’

মানসিকতা বদলেই নিজের চেনা ছন্দে ফিরতে পেরেছেন বলে জানান এমবাপ্পে, ‘আমি জানতাম, এই মানসিকতা বদলানোর সময় এসে গেছে। আমি মাদ্রিদে খারাপ খেলার জন্য আসিনি। এখানে সবসময় ভালো খেলতে হয় এবং আমি প্রস্তুত। আমি এমন একজন খেলোয়াড়, যে সবসময় নিজের সেরাটা দিতে চাই। চাপ এবং প্রত্যাশা আমাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত