বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

  • বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিতে রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে
  • বিমান থেকে জানানো হয়, ওই বিমানেরই কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:১৮ এএম

বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।

প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী তল্লাশি করছে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন বলেও জানান তিনি।

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত