হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত মোট ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় দুবাই থেকে আগত এমিরেটসের ইকে০৫৮৪ ফ্লাইটের যাত্রী রেমান মিখালভ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দিয়ে অবশিষ্ট ৭৭ দশমিক ৫০ লিটার আটক করা হয়।
অপরদিকে গত রাতে টার্কিশ এয়ারলাইনসের টিকে০৭১২ ফ্লাইটে আগত যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যান করে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায় এবং তা আটক করা হয়।
দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে সর্বমোট ৮১ দশিমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযান অব্যাহত রয়েছে।