আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পরই দেশটির নারীদের জীবনে নেমে এসেছে অন্ধকার। ঘরের বাইরে যাওয়া, পড়াশোনা, খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে। নারী ক্রিকেটাররা দেশ ছেড়ে পালিয়েছেন। মেয়েদের কেউ এর ব্যত্যয় ঘটালেই নেমে আসছে নির্যাতন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের আওয়াজ উঠেছে। অবশ্য এর সঙ্গে একমত নন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
কিছুদিন আগে নারী নির্যাতন ইস্যুতে আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ব্রিটেনের ১৬০ জন রাজনীতিবিদ। তারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠিও দিয়েছিলেন। তবে ইসিবি আগেই জানিয়ে দিয়েছে, তারা বয়কটের পথে হাঁটবে না। এবার ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলারও জানালেন, ক্রিকেটে রাজনৈতিক পরিস্থিতির কোনো প্রভাব তিনি দেখতে চান না।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার বাটলার বলেছেন, ‘এমন রাজনৈতিক পরিস্থিতিতে একজন খেলোয়াড় হিসেবে আপনি যতটা পারেন খবর রাখার চেষ্টা করবেন। বিশেষজ্ঞরা এর চেয়ে বেশি জানেন, আমি এই বিষয়ে রব কি (ইসিবির ম্যানেজিং ডিরেক্টর) ও তার ওপরে যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি, দেখতে চেয়েছি তারা বিষয়টিকে কীভাবে দেখছে। আমি মনে করি না বয়কট করলে সমাধান হয়ে যাবে।’
ইংল্যান্ডের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদরাও আফগানিস্তান ম্যাচ বয়কটের আহবান জানিয়েছেন। তবে ক্রিকেটাররা এসব ভাবছেন না বলেই জানালেন বাটলার, ‘ক্রিকেটাররা এ ব্যাপারে খুব বেশি উদ্বিগ্ন নয়। এসব নিয়ে আপনি নিজে আরও জানতে চাইবেন, অনেক কিছু পড়তে চাইবেন। এ বিষয়ে অনেক ভালো লেখা আছে, এটাই আমার জানার উৎস, অনেকের সঙ্গে কথাও বলেছি, বিশেষজ্ঞ মতামত নেওয়ার চেষ্টা করছি।একজন খেলোয়াড় হিসেবে আমি চাই না, রাজনৈতিক পরিস্থিতি খেলায় প্রভাব ফেলুক।’
রিয়ালে উপভোগ্য সময় কাটছে এমবাপ্পের
সালাহর ‘হাফসেঞ্চুরির’ ম্যাচে শেষ ষোলোতে লিভারপুল
৯ গোলের ম্যাচে বার্সেলোনার রুদ্ধশ্বাস জয়