‘আমিই হেডমাস্টার, বেস্ট ফ্রেন্ড এবং বাবা’

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম

কোচ হিসেবে মিকি আর্থারের খ্যাতি বিশ্বজোড়া। যেখানেই হাত দিয়েছেন, সেখানেই যেন সোনা ফলেছে। রংপুর রাইডার্সে কোচ হিসেবে সদ্যই গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জিতেছেন। এবার বিপিএলে তার অধীনে রংপুর রাইডার্সকে কেউ হারাতেই পারছে না! এই টানা সাফল্যের রহস্য কী?

৫৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই কোচ আজ বুধবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে জানতে চাওয়া হয়, শিষ্যদের কখনো ধমক দেন কিনা বা কড়া হেডমাস্টারের ভূমিকা নেন কিনা? জবাবে আর্থার বলেন, ‘হ্যাঁ, এটা করতেই হয়। খেলোয়াড়দের বলেছি, আমিই হেডমাস্টার, বেস্ট ফ্রেন্ড এবং বাবা। তাই যখন কঠোর হওয়া দরকার আমি কঠোর হবো। যখন ভালোবাসা প্রয়োজন, ভালোবাসা দিব।’

চলতি বিপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ তারা অপরাজিত। দলের এই পারফর্মেন্সের পেছনে গ্লোবাল সুপার লিগ জয়ের ভূমিকা আছে বলে জানান আর্থার, ‘জিএসএলের শিরোপা জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আত্মবিশ্বাস ক্রিকেটে খুব জরুরী। ঐ জয় আমাদের বিপিএলে আত্মবিশ্বাস যোগাচ্ছে। কীভাবে ওরা খেলাটা আরও ভালো খেলবে আমার জন্য তা বুঝতে পারা সহজ হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত