চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে আমদানি করা চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পরপরই তিনি এ কথা বলেন। এসময় ফেন্টানিল পাচারের বিষয়ে আবারও বেইজিংকে নিশানা করেন ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নেও শুল্ক প্রয়োগের কথা জানিয়েছেন। 

ট্রাম্প বলেন, ‘চীন অপব্যবহারকারী। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন খুবই খারাপ আমাদের জন্য। তারা আমাদের সাথে খুবই খারাপ আচরণ করেন। সেজন্যই আমাদের শুল্কের দিকে যেতে হবে। নিজেদের ফিরে পাওয়ার এটাই একমাত্র পথ। ন্যায্যতা পাওয়ার জন্যও এটা একমাত্র উপায়।’

এর একদিন আগে ট্রাম্প ইইউকে পর্যাপ্ত মার্কিন পণ্য আমদানি না করার জন্য অভিযুক্ত করেন। শুল্ক আরোপ করে বা তেল ও গ্যাস কেনার আহ্বান জানিয়ে তিনি ‘এটি ঠিক করবেন’।

চীন প্রসঙ্গে ট্রাম্প মঙ্গলবার ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেন, ‘তারা মেক্সিকো এবং কানাডায় ফেন্টানিল পাঠাচ্ছে।

কত তাড়াতাড়ি এই শুল্ক কার্যকর করা যেতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত ১ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছি।’

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও ফেন্টানিল পাচার বন্ধে ব্যর্থতার অভিযোগ এনে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত