চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার ইমতিয়াজ নাঈমের বিরুদ্ধে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জানুয়ারি) এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে সংস্থাটির প্রধান সহকারী মো. এজাজ।
অভিযুক্ত সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম (৩২) কুমিল্লা জেলার লাকসাম থানাধীন উত্তর বিনয় গ্রামের আবদুল জব্বার পন্ডিত বাড়ির রুহুল আমিনের ছেলে।
অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২ নভেম্বর সার্ভেয়ার হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদে যোগ দেন ইমতেয়াজ নাঈম। গত ২১ জানুয়ারি জেলা পরিষদের মালিকানাধীন জমির খাজনা আদায়ের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, তিনি (নাঈম) এই পর্যন্ত ২৫টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে গ্রহণ করেন। নিয়ম অনুয়ায়ী ইজারা আদায়পূর্বক আদায়কারী কর্তৃক জেলা পরিষদের সংশ্লিষ্ট ব্যাংক (সোনালী ব্যাংক, কোর্ট হিল শাখা) একাউন্টে জমা করার বিধান রয়েছে। কিন্তু যাচাই করে দেখা গেছে জমির খাজনা বাবদ ইজারাদারদের কাছ থেকে ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা আদায় করে ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেছেন সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘জেলা পরিষদের সার্ভেয়ার ইমতেয়াজের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
একযোগে ১২ ডেপুটি জেলারকে বদলি
আগামী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে তরুণরা