এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ সুপারের বিরুদ্ধে

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বাক্ষর জাল করে ক্যাপিটেশন গ্রান্ড প্রকল্পের অর্থ আত্মসাৎতের অভিযোগ উঠেছে সুপার আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

সম্প্রতি অর্থ আত্মসাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও দুদকে অভিযোগ দাখিল করেছেন এতিম খানার সভাপতি শামসুজ্জামান সুরুজ মাস্টার। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও তদন্ত টিম গঠন।

অভিযোগপত্রে জানা গেছে, উপজেলার চর পুটিমারী ইউনিয়নের বেনুয়ার চর আশরাফুল উলূম হাফেজিয়া মাদরাসা ও আব্দুল মালেক মন্ডল এতিম খানার ২২ শিক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারের ক্যাপিটেশন গ্রান্ড প্রকল্পের অর্থ প্রদান করা হয়। এতিম খান সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাস্টার, সুপার আনোয়ার হোসেনকে নিয়ে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। প্রতিষ্ঠানের সকল দেখভালের দায়িত্ব সুপার করেন। এই সরলতার সুযোগে সুপার সভাপতিকে না জানিয়ে তার স্বাক্ষর জাল করে গত ২১ মাসের তিনটি বিলের মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা উত্তোলন করেন। বিষয়টি সভাপতির দৃষ্টিগোচর হলে সুপারকে তার স্বাক্ষর জাল করার কারণ জানতে চাইলে সুপার বলেন দ্রুত বিল উত্তোলন করা দরকার আপনাকে না পেয়ে আপনার স্বাক্ষর আমি প্রদান করেছি। এ সময় অর্থের হিসাব জানতে চাইলে সুপার তালবাহনা করায় ১০ আগস্ট সভাপতি ইউএনও ও দুদক বরাবর অভিযোগ দাখিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসেন বলেন, গাই বাছুর মিল থাকলে যা হয় আরকি। আমি সভাপতির সঙ্গে কথা বলেই স্বাক্ষর দিয়ে তিনটি বিল উত্তোলন করেছি। তিনি আমাকে অনুমতি দিয়েছে বলেই করেছি এখন তিনি অস্বীকার করছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা রহুল আমীন বলেন,এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও অফিস কর্তৃক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত