পেছাল আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ ছাড়

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তি ছাড় পিছিয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে ঋণ ছাড়ের বিষয়টি আলোচনার কথা ছিল। তবে বোর্ড সভা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে সংস্থাটি।

বুধবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়সূচির পরিবর্তনের ফলে সমন্বয় করতে এটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ডলারের দাম বাজারে ছাড়ার বিষয়ে সংস্থাটি থেকে চাপ ছিল বলেও জানান তিনি। তবে বিষয়টি সমাধানের পথে বলে জানান এ কর্মকর্তা। 

অন্য একটি সূত্র জানিয়েছে, আইএমএফের চতুর্থ কিস্তি পেতে বেশ কিছু শর্ত রয়েছে। শর্তগুলোর মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের শর্ত ও ডলার দর বাজারে ছাড়ার বিষয়ে আপত্তি তুলেছে সংস্থাটি।

আইএমএফ কর্মকর্তারা এসব শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এনবিআরের একটি সূত্র জানায়, রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগ ইতোমধ্যে চলছে এবং তাদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিবন্ধকতা নেই।

ঋণ কর্মসূচির আওতায় আগের তিনটি কিস্তির পর চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত