কুড়িগ্রামে চারদিন ধরে সূর্যের দেখা নেই, তীব্র শীতে কাহিল মানুষ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম

কুড়িগ্রামে গত কয়েকদিন ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষেরা। গত চারদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে সূর্যের দেখা না মেলার ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে গেছে এ অঞ্চলে। বিশেষ করে জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এসব অঞ্চলের শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। 

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, গত চারদিন থেকে খুব ঠান্ডা। জমিতে কাজ করতে পারছি না। ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। চারদিন ধরে সূর্যেরও মুখ দেখা যাচ্ছে না।

জেলার ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো.আব্দুল হাই সরকার বলেন, জেলার ৯ উপজেলায় ৩৪ হাজার ৭২২টি কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদাভেদে বিতরণ কাজ চলমান।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ০৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত