ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা: আখতার হোসেন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল ঘোষণা করবে। এজন্য জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নিজ এলাকা রংপুরের কাউনিয়ায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, আমরা স্পষ্ট করে বলছি— খুনি শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে নারকীয় গণহত্যা করে গেছে তার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনভাবেই ফ্যাসিস্ট আওয়ামীলীগকে রাজনীতিতে আমরা ফিরতে দিব না। 

তিনি বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসার একটা পায়তারা করছে। এটা স্পষ্টত যে দিল্লির মদদেই হয়তো এ ধরনের কথা বলা হচ্ছে যে, আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের তিস্তা পারে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় তিনি প্রচেষ্ঠা চালাবেন। কেউ যদি ৮ শতক জমি দিতে পারেন তাহলে তিনি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে কমিউনিটি ক্লিনিক করে দেওয়ার চেষ্টা চালাবেন। 

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আলমগীর হোসেন, আরিফ হোসেন, রেজওয়ান হোসেন, সুমন আহমেদ, নাগরিক কমিটির কাউনিয়ার সংগঠক শামীম হোসেন, শিপন আহমেদ হিমু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাউনিয়ার সমন্বয়ক শরিফুল ইসলাম প্রমুখ। পরে তিনি কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত