বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক স্মরণসভায় উপ-উপাচার্য এ কথা জানান।
উপ-উপাচার্য মো. কামাল উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার জন্য ৭৩ জন আর এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও তদন্ত করে যদি গুরুতর অপরাধের প্রমাণ পান তাহলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।
অভিযোগের ভিত্তিতে ব্যাখ্যা করার জন্য তাদের ১৫ দিন সময় দেওয়া হবে। কেউ নির্দোষ প্রমাণিত হলে বহিষ্কারাদেশ বাতিল করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১৪ জুলাই রাতে আর ১৫ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছিল। একই দিন কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটে।
ফেসবুকে গুজব বন্ধে পদক্ষেপ নিতে মেটার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান