চট্টগ্রামে শারীরিক নির্যাতনে গর্ভের সন্তান নষ্টের অভিযোগে নগরের বায়েজিদ বোস্তামি থানার ওসি, দুই সাব ইন্সপেক্টরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী।
গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এই মামলার আবেদন করেছেন সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৬)। শুনানি শেষে আদালত ওই মামলার আদেশের জন্য আগামী ২৯ জানুয়ারি ধার্য করেছেন। ৮ দিন আগে মামলার আবেদন করলেও আদালত সূত্রে বিষয়টি গতকাল ২৩ জানুয়ারি নিশ্চিত হওয়া গেছে।
মামলায় আরও যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন- বায়েজিদ বোস্তামি থানার সাব ইন্সপেক্টর জগৎ জ্যোতি দাশ ও মনিরুল ইসলাম, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা, জাবেদ ওরফে ভাগিনা জাবেদ ও আনিকা ইসলাম।
মামলার আবেদনে অভিযোগ, গত ৫ ডিসেম্বর ভোরে বাদীর স্বামী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করতে নগরের অক্সিজেন মিরপাড়া হাউজিং সোসাইটির ইউনূস টাওয়ারের ভাড়া বাসায় অভিযান চালান ১ থেকে ৩ বিবাদী। স্বামীকে না পেয়ে বাদীকে নারী পুলিশ ছাড়া আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় ১ থেকে ৩ নং বিবাদী বাদীকে মারধর করেন। থানা কার্যালয়ে নিয়ে গেলে ৪ ও ৫ নং বিবাদীও বাদীকে মারধর করেন। ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার বিধান থাকলেও আটকের পর দুই দিনের মাথায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত হাজির করে পুলিশ। কিছুদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান বাদী। এরপর শারীরিক পরীক্ষা শেষে গর্ভে থাকা তিন মাসের অনাগত শিশু নষ্ট হয়ে গেছে বলে বাদীকে জানান সংশ্লিষ্ট চিকিৎসক। এছাড়া অভিযানের সময় পুলিশ বাদীর ব্যবহৃত আইফোন, পাসপোর্ট জব্দ করলেও তা সিজার লিস্টে রাখা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
গত বছরের ৫ ডিসেম্বর ভোরে পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যান সাজ্জাদ। তার ছোড়া গুলিতে চার পুলিশ সদস্য, সিটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, সন্ত্রাসের জগতে পা রেখেই বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। কথায় কথায় গুলি ছোড়ার স্বভাব তার। গেল তিন মাসের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডে ও ১০ মামলার আসামি হয়ে চট্টগ্রাম নগরীতে শীর্ষ সন্ত্রাসীর তকমাও তার দখলে গেছে। শিবিরের শীর্ষ ক্যাডার হিসেবে একসময় পরিচিত বড় সাজ্জাদের অনুসারী বলে এলাকায় ছোট সাজ্জাদ হিসেবে পরিচিতি পান তিনি।
একনজরে আজকের দেশ রূপান্তর (২৪ জানুয়ারি)
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত