দিনাজপুর সীমান্ত

জমিতে কাজ করছিলেন কৃষক, ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে আলামিন নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আলামিন দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩ নং পিলারের পাশে নিজ জমিতে কাজ করার সময় তাকে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, সকালে শূন্যরেখার ৩২৩ নং পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিল। এ সময় বিএসএফ এসে তাকে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে বিষয়টি জানায়। তবে কী কারণে ওই কৃষককে আটক করে নিয়ে যাওয়া হয় তা এখনো জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে হস্তান্তর করার কথা রয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত