জাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে জাকসুর নির্বাচন কমিশন এ ভোটার তালিকা প্রকাশ করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এবং সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী এবং ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোটার তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সকল শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ (৪+২) বছর অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ (১+১) বছর অধ্যয়নরত রয়েছেন, শুধু তাদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় স্নাতক (সম্মান) পর্বের ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১,২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর পর্বের ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে, বর্তমানে অধ্যয়নরত এম.ফিল, পিএইচ.ডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস-এর শিক্ষার্থীরা বিশেষায়িত মাস্টার্সে অধ্যয়ন করায় তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। যে সকল শিক্ষার্থী আইবিএ-জেইউতে নিয়মিত কোর্সে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়ন না করে মাস্টার্স (স্নাতকোত্তর) শ্রেণিতে অধ্যয়নরত তাদেরকেও জাকসু নির্বাচন-২০২৫ এর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় কোনোরূপ অস্পষ্টতা বা অসঙ্গতি পরিলক্ষিত হলে, নির্বাচনী তফসিল অনুসারে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত