আম্পায়ারদের বেতন কাঠামোয় আনার পরিকল্পনায় বিসিবির

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং মানোন্নয়নের লক্ষ্যে পেশাদার কাঠামো প্রবর্তনের পরিকল্পনা করছে। নতুন কাঠামোয় পারফরম্যান্সের ভিত্তিতে আম্পায়ারদের পদোন্নতি ও অবনমন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন এক বোর্ড কর্মকর্তা। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে বিতর্কিত আম্পায়ারিংয়ের সমস্যা সমাধানেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিক জানিয়েছে। সভায় দেশের ক্রিকেটে চলমান সংকটগুলো নিয়েও সমাধানের পথ খোঁজা হবে বলে জানা গেছে।

প্রথম বিভাগ ক্রিকেট এখনও শুরু হয়নি বোর্ডের প্রস্তাবিত সংশোধনীর কারণে। অন্যদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের বকেয়া পরিশোধের ইস্যু আয়োজকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এক বিসিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার জানান, 'আমরা এটি (পরিকল্পনা) আজ বোর্ডের সামনে উপস্থাপন করব। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।'

তিনি আরও বলেন, 'প্রথমত, আমরা আম্পায়ারদের বেতন কাঠামো পরিবর্তনে কাজ করছি। বর্তমানে যারা আছেন, তাদের পর্যালোচনা করে প্রথম শ্রেণির আম্পায়ারদেরও এই কাঠামোয় অন্তর্ভুক্ত করব।'

অন্য এক কর্মকর্তা স্বীকার করেন যে, কিছু আম্পায়ার অতীতে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, 'বেতন কাঠামোয় থাকা কয়েকজন আম্পায়ার এমন কাজ করেছেন, যেখানে একটি ম্যাচে ৫-৭টি এলবিডব্লিউ আউট দিয়েছেন। ব্যক্তিগত স্বার্থে তাদের চাকরি দেওয়া হয়েছিল, আর তারা সেই সুবিধার প্রতিদানও দিয়েছেন অনৈতিক কাজের মাধ্যমে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।'

যদিও এসব আম্পায়ার এখন কম ম্যাচ পাচ্ছেন, তারা এখনও সিস্টেমে রয়ে গেছেন। বিসিবি এসব সমস্যার সমাধানে ভালো পারফরম্যান্স করা আম্পায়ারদের পুরস্কৃত করতে চায়।

সূত্র জানায়, 'এখন তারা বেশি ম্যাচ পান না। কিন্তু তারা সিস্টেমে আছেন। আমরা তাদের জন্য কিছু করতে চাই। যারা গত তিন-চার বছরে ভালো কাজ করেছেন, তাদের পুরস্কৃত করার পরিকল্পনা করছি। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই, যেখানে আম্পায়ারিং পারফরম্যান্স মূল্যায়ন ও পুরস্কৃত হবে।'

এছাড়া অনৈতিক কাজ ঠেকানোর পাশাপাশি আম্পায়ারদের বেতন বৃদ্ধি এবং বয়স বা চাকরির মেয়াদ সীমাবদ্ধ করার বিষয়েও আলোচনা হবে।

ঐ বোর্ড কর্মকর্তা বলেন, 'বেতন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া একজন আম্পায়ার কতদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন, সেটাও গুরুত্বপূর্ণ। কেউ অনন্তকাল আম্পায়ারিং করতে পারেন না। বয়সসীমা থাকা দরকার।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত