'মার্চো ফার্স্ট গেম, ইনশাল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব'

সিলেটি ভাষায় বললেন হামজা চৌধুরী 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম


বাংলাদেশের ফুটবল আঙ্গিনায় এখন সবচেয়ে চর্চিত নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে পরবেন বলে নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে হামজার অভিষেক হতে পারে, তবে কখন তা হবে, সে বিষয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে হামজা নিজেই জানালেন তার অভিষেকের তারিখ।

ইংল্যান্ডে অনুষ্ঠিত এক সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেল 'হাওয়া টিভি'-কে দেয়া সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলেন, 'জি জি জি, মার্চ ইনশাল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু, মার্চো, অ্যান্ড ইনশাল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব।'

এছাড়া, আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। তিনি বলেন, 'আন্তর্জাতিক ফুটবল খেলা অনেক বড় বিষয়। আমার সৌভাগ্য যে, বাংলাদেশ আমাকে সে সুযোগটা করে দিচ্ছে। ইনশাআল্লাহ, আমি বাংলাদেশে সফল হব।'
মার্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠে নামার জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত