শেষ হলো ইন্টারন্যাশনাল হোপ স্কুলের আন্তঃস্কুল স্টেম ফেস্ট

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০১:২৫ এএম

রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চতুর্থ ‘আন্তঃস্কুল স্টেম ফেস্ট ২০২৫’ শনিবার শেষ হয়েছে। ইন্টারন্যাশনাল হোপ স্কুলের হোপিয়ান ম্যাথ প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। এটি বাংলাদেশে স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় দেশসেরা স্কুলগুলোর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ১৬০০ শিক্ষার্থী অংশ নেয় ও ১৪০টি বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শিত হয়। প্রতিযোগিতায় রাজধানীর নামীদামী অর্ধশতাধিক স্কুল অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিক্ষার্থী আগামী ১০-১৪ এপ্রিল আমেরিকায় নাসার প্রধান কার্যালয়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবে।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় ২৩ জানুয়ারি। প্রথম দুই দিনের আয়োজনে ছিল বিভিন্ন প্রতিযোগিতা এবং শেষ দিনের আয়োজনে ছিল প্রজেক্ট প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। শুক্রবার সকাল ১০টায় ফিজিক্স অলিম্পিয়াডের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ২৬২ জন শিক্ষার্থী। 

একই দিনে ছিল ৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রোগ্রামিং অলিম্পিয়াড এবং ২২১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বায়োকেমেস্ট্রি অলিম্পিয়াড। এসব অলিম্পিয়াডে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে অংশ নেয়। 

শনিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি তৃতীয় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরাও অংশ নেয়। সমাপনী দিনের আয়োজনে আরো ছিল প্রজেক্ট প্রদর্শনী, পুরস্কার বিতরণী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ বছর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষক প্রফেসর ড. মো. আবু রায়হান, জাপান স্কলারটেক এর বিজনেস প্রধান মীর আবদুল বাকি প্রিন্স, বিআইটি স্কুলের আইসিটি বিভাগের প্রধান মো. আহসান হাবিব, গ্ল্যানরিচ ইন্টারন্যাশনাল স্কুলের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হ্যানস অঙ্কুর, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষক জামুরাত পারভিন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ড. ইশরাত জাবিন প্রমুখ।

স্কুল মিলনায়তনে সমাপনী আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল দলীয় নৃত্য ও সংগীত। এছাড়াও ছিল নাভিদ মাহবুবের স্ট্যান্ডআপ কমেডি এবং ম্যাজিক রাজিকের জাদু প্রদর্শনী। স্কুল মাঠের প্রতিটি স্টলে ছিল নানা উদ্ভাবনী প্রজেক্ট। শিক্ষার্থীরা দর্শনার্থীদের প্রজেক্টগুলোর ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। এবারের উল্লেখযোগ্য প্রজেক্টগুলোর মধ্যে ছিল পদ্মা সেতুর স্কেল মডেল, মেট্রো রেল স্কেল মডেল, টেসলা কয়েল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পার্টিকেল এক্সেলারেটর, প্ল্যান্ট মাইক্রোবায়াল ইলেকট্রিসিটি জেনারেশন ইত্যাদি।

সকাল ১০টায় প্রজেক্ট প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ দিনের অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হোপ স্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিন। তিনি বলেন, ‘‘দিন দিন স্টেম ফেস্টের পরিসর বাড়ছে। শুধু আমাদের স্কুল নয়, এ বছর আমাদের প্রতিযোগিতায় যুক্ত হয়েছে বড় বড় ৫০ টির বেশি স্কুল। শিক্ষার্থীরা বিজ্ঞান উৎসবের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, তাদের বিজ্ঞানচর্চা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তিতে তাদের দক্ষতা প্রমাণ করছে।’’

প্রিন্সিপাল আরো বলেন, ‘‘গত কয়েক বছরে স্টেম ফেস্টে অংশগ্রহণকারীদের অনেকে আমেরিকায় নাসা রোভার চ্যালেঞ্জ নামক আন্তর্জাতিক প্রতিযোগিতা ও দুবাইয়ের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এটি আমাদের অনেক বড় পাওয়া। এবারও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুনাম অর্জন করবে বলে আমরা আশাবাদী।’’

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুরস্কৃত হয়েছে ২৮০ জন শিক্ষার্থী। প্রতিটি বিভাগে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পেয়েছে যথাক্রমে পাঁচ, তিন এবং দুই হাজার টাকা। বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। প্রতিটি বিভাগে চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পেয়েছে মেডেল ও সার্টিফিকেট। 

প্রতিযোগিতায় সেরা ৩০ জন শিক্ষার্থী কিছু দিনের মধ্যে আমেরিকায় গিয়ে ‘নাসা রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। নাসা রোভার চ্যালেঞ্জে এবার শিক্ষার্থীরা ‘রিমোট কন্ট্রোল রোভার’ এবং ‘হিউম্যান পাওয়ার রোভার’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নেবে।  ‍ 

আয়োজকরা জানান, গত ৩ বছর ধরে স্টেম ফেস্ট থেকে বিজয়ী শিক্ষার্থীরা আমেরিকার আলাবামায় অবস্থিত নাসা মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে সারা বিশ্ব থেকে আগত শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নাসার এই প্রতিযোগিতায় গত তিন বছর ধরে বাংলাদেশ থেকে একমাত্র ইন্টারন্যাশনাল হোপ স্কুলই অংশগ্রহণ করছে। স্কুল পর্যায়ে অংশগ্রহণকারীর দিক থেকে ইন্টারন্যাশনাল হোপ স্কুল পুরো বিশ্বে দ্বিতীয়। 

গত বছর তৃতীয় আন্তঃস্কুল স্টেম ফেস্ট থেকে বিজয়ী ১০ জন শিক্ষার্থী আমেরিকায় গিয়ে ‘নাসা রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। ইন্টারন্যাশনাল হোপ স্কুল কর্তৃপক্ষ জানায়, আগামী বছর স্টেম ফেস্ট আরো বড় আয়োজনে অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা নয়, সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এ প্রতিযোগিতার আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হবে। এতে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম, সব ধরনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত