মুলার মতো ঝুলেই রয়েছে নারী বিপিএল ইস্যু। বছরের পর বছর ধরে বার বার প্রতিশ্রুতির পরও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি এই টুর্নামেন্টটি। এবার পুরুষ বিপিএলের পর অন্তত তিন দল নিয়ে ছোট পরিসরে নারী বিপিএল চালুর ঘোষণা হয়। এমনকি বেতন কাঠামো কেমন হবে সেটিও জানিয়েছেন উইমেনস উইং প্রধান হাবিবুল বাশার। কিন্তু গত রাতের বোর্ড মিটিং শেষে দুই পরিচালকের বক্তব্যে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে আয়োজনটি নিয়ে।
বিসিবির নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এ প্রসঙ্গে বলেন, ‘নারী বিপিএল করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম... আমরা কিন্তু সব কাজ শুরু করে দিয়েছি। ইওআই (এক্সপ্রেস অব ইন্টারেস্ট) দিয়ে দিয়েছি, দলগুলো কারা নেবে সেটার জন্য। এই কার্যক্রম চলবে। যদি এটি যথাসময়ে হয়, তাহলে টুর্নামেন্ট আগের সময়েই হবে। নয়তো কিছুটা পিছিয়ে যাবে। আমরা তাড়াহুড়ো করে কিছু করতে চাচ্ছি না।’ গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামও শুনিয়েছেন একই সুর।
বিসিবির আগের সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কয়েকবার ঘোষণা দিয়েছিলেন নারী বিপিএল আয়োজনের। তহবিলে জমা অর্থের পরিমাণ ৯০০ কোটিতে নিয়ে গেলেও এ টুর্নামেন্ট মাঠে গড়াতে পারেননি। গত বছরের শেষে বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচনের সময় বর্তমান সভাপতি ফারুক আহমেদের কাছে ছেলেদের মতো মেয়েদেরও বিপিএল আয়োজনের আবদার করেছিলেন অধিনায়ক নিগার জ্যোতি ও পেসার জাহানারা আলম। সেই সময় আশ্বাসও দিয়েছিলেন তিনি।
ওই প্রেক্ষিতে আগামী মাসেই ছোট পরিসরে তিন থেকে চারটি দল নিয়ে ৮-১০ দিনের নারী বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা বলেছিলেন উইমেনস কমিটির নতুন চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। উইমেনস উইং প্রধান হাবিবুল বাশার জানিয়েছিলেন যে রংপুর, বরিশাল ও ঢাকা দল গড়তে সম্মত আছে। কিন্ত অনেক সিদ্ধান্তের বোর্ড সভা আবার প্রশ্ন ঝুলিয়ে দিয়েছে নারী বিপিএলের উপর।
বিশ্বকাপে টিকে থাকতে আজ জিততেই হবে মেয়েদের
২০ ওভারই স্পিন, ইতিহাস গড়ে প্লে অফে পার্ল